প্রিন্ট এর তারিখঃ Sep 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 11, 2026 ইং
সিরিয়ায় আসাদ আমলের নয়জন পাইলট গ্রেপ্তার

সিরিয়ার লাতাকিয়া প্রদেশে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে সাবেক নয়জন সামরিক পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে শহর ও গ্রামে প্রাণঘাতী বিমান হামলায় অংশ নেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান সম্পর্কে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবদুলআজিজ আল-আহমাদ বলেন, “কড়া নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিস্তারিত তদন্তের পর, পাশাপাশি প্রদেশজুড়ে সুপরিকল্পিত একাধিক নিরাপত্তা অভিযানের মাধ্যমে এসব গ্রেপ্তার সম্পন্ন করা হয়েছে”—এমনটাই জানিয়েছে সানা।
এএফপির বরাতে জানা গেছে, গ্রেপ্তার হওয়া সাবেক পাইলট কর্মকর্তাদের মধ্যে তিনজন জেনারেল রয়েছেন। তারা হলেন মেনহেল আনোয়ার সালেহ, সামি ইব্রাহিম মাহমুদ এবং গায়াথ আলি রেহিয়ে।
সানা আরও জানায়, তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তাদের কর্মকাণ্ডে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে, বহু শহর ও গ্রাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং বেসামরিক অবকাঠামো ধ্বংসের পাশাপাশি অসংখ্য মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
সূত্র: মিডল ইস্ট আই
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।